

নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগে জনসাধারণের জন্য দুটি কোস্ট গার্ড জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতি বছর দিনটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়ে আসছে।
এই ঐতিহাসিক দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং জনগণের সঙ্গে বাহিনীর সম্পৃক্ততা আরও সুদৃঢ় করতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্থ দুটি জাহাজ— ‘বিসিজিএস অপূর্ব বাংলা’ ও ‘বিসিজিএস তাজউদ্দীন’—দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, তরুণ সমাজ ও পরিবারসহ বিপুল সংখ্যক দর্শনার্থী জাহাজ দুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের আধুনিক সরঞ্জাম, অপারেশনাল সক্ষমতা, উপকূল ও সমুদ্র নিরাপত্তায় ভূমিকা, চোরাচালান ও মাদক দমন, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, মানবিক উদ্ধার কার্যক্রম এবং দেশের সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অবদান সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
জাহাজে দায়িত্ব পালনরত কোস্ট গার্ড সদস্যরা দর্শনার্থীদের নিরাপদে জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের বিভিন্ন অংশ, নৌ-অস্ত্র ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও পরিচালন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এতে বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নৌ-বাহিনীর প্রতি আগ্রহ সৃষ্টি হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও সমুদ্রসীমায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্লু ইকোনমি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা অটল ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ রাশেদ
যোগাযোগঃ 01332784449
ইমেইলঃ ukhiaprotidin@gmail.com
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৫ ইং